মূল্যস্ফীতির চাপে বড় পদক্ষেপ, জ্বালানি তেলে কর ছাড়ের ঘোষণা জার্মানির
অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চরম ভোগান্তিতে পড়া সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের স্বস্তি দিতে জ্বালানি তেলে বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দিয়েছে জার্মানি সরকার।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, পেট্রোল ও ডিজেলের ওপর লিটারপ্রতি ০.১৭ ইউরো (প্রায় ০.১৯৫২ ডলার) কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদেক্ষেপে মোট ২.৫ বিলিয়ন ইউরো কর মওকুফ হবে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হয়ে চলতি বছরের শেষ পর্যন্ত এই সুবিধা পাবেন দেশটির ড্রাইভার ও সাধারণ ভোক্তারা।
এছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে প্রতিবেশী লুক্সেমবার্গ বা বেলজিয়ামের আদলে দেশে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যসীমা (ক্যাপ) নির্ধারণের লক্ষ্য নিয়ে তেল শিল্পের সাথে আলোচনা চালানো হবে বলেও উল্লেখ করা হয়।
এক বিবৃতিতে চ্যান্সেলর মার্জ বলেন, "যারা দৈনন্দিন চলাচলের জন্য গাড়ির ওপর নির্ভরশীল, তারা বর্তমানে কঠিন সময় পার করছেন। সংকট মোকাবিলায় নাগরিকদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।" দেশটির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই কর ছাড়ের অর্থায়ন বহন করবে।
ইরান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় সম্প্রতি জার্মানিতে ‘E10’ শ্রেণির পেট্রোলের মূল্য রেকর্ড প্রতি লিটারে ২.২৮৬ ইউরোতে পৌঁছায়। আসন্ন রাজ্য নির্বাচনগুলোর আগে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করা চ্যান্সেলর মার্জের সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে সরকারের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি মিললেও তীব্র সমালোচনা করেছে দেশটির বিরোধী দলগুলো এবং পরিবেশবাদী সংস্থা 'গ্রিনপিস'। তাদের দাবি, এই কর ছাড় লক্ষ্যভিত্তিক নয় এবং এতে করে তেল কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা লুটে নেওয়ার সুযোগ পাবে।