বাবা হচ্ছেন 'পুনর্মিলনে' ও 'নেটওয়ার্কের বাইরে'র নির্দেশক মিজানুর রহমান আরিয়ান
বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও জনপ্রিয় রোমান্টিক নাটক নির্দেশক মিজানুর রহমান আরিয়ানের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন 'বড় ছেলে' খ্যাত এই গুণী নির্মাতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর সহধর্মিণী তাহসিন তামান্না। ফেসবুক হ্যান্ডেলে বেবি বাম্পের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, "আমরা তোমার প্রতিটি লাথি গুনছিলাম, মন থেকে প্রার্থনা করছিলাম, আর প্রতিদিন তোমার সেই ছোট্ট মুখটা দেখার স্বপ্ন দেখছিলাম।"
উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের শুভ পরিণয়ের কথা আনুষ্ঠানিকভাবে ভক্তদের সামনে তুলে ধরেন মিজানুর রহমান আরিয়ান। সে সময় আরিয়ান জানিয়েছিলেন, তাঁর স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর স্নাতক সম্পন্ন করেছেন। প্রায় ৭ বছর দীর্ঘ পরিচয়ের পর পারিবারিক সম্মতিতে দুই হাত এক হয় তাঁদের।
‘তুমি আমি সে’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিলেন আরিয়ান। এরপর নিজের মুনশিয়ানা দিয়ে উপহার দিয়েছেন এক শতাধিক জনপ্রিয় একক নাটক ও টেলিফিল্ম। তবে দেশের নাট্যাঙ্গনে আলোড়ন তৈরি করা তাঁর নির্মিত 'বড় ছেলে' নাটকটি তাঁকে রাতারাতি শীর্ষে নিয়ে যায়।
এরপর ‘বুকের বা পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘বুঝ বালিকা বুঝ বালক’ ও ‘চারুর বিয়ে’-এর মতো একাধিক দর্শকনন্দিত কাজ তিনি উপহার দিয়েছেন। শুধু ছোট পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও সাফল্য কুড়িয়েছেন আরিয়ান; তাঁর পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও পরবর্তী ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়।
|