সালমানের পর এবার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
বিনোদন ডেস্ক : বলিউড মেগাস্টার সালমান খানকে একের পর এক হত্যার হুমকি দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিনিয়ত আলোচনায় আসে ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার দল। এবার সেই একই গ্যাংয়ের লোলুপ দৃষ্টি পড়েছে বলিউডের আরেক সুপারস্টার ও মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ওপর। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই প্রভাবশালী সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুমকি দিয়েছে এই অভিনেতাকে।
বলিউড ও ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাসভবনে পারিবারিকভাবে দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান। এটি অভিনেতার তৃতীয় বিয়ে। আমির খান নিজে ইসলাম ধর্মের অনুসারী হলেও তাঁর পূর্ববর্তী দুই স্ত্রী এবং বর্তমান স্ত্রী—তিনজনই হিন্দু ধর্মাবলম্বী। আমির খানের এই তৃতীয় বিয়ের পর থেকেই ভারতের বেশ কিছু উগ্রবাদী সংগঠন তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তথাকথিত ‘লাভ জিহাদ’-এর মনগড়া অভিযোগ এনে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করে আসছিল।
তারই ধারাবাহিকতায় এবার এই ইস্যুতে সরাসরি মাঠে নেমেছে বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোইয়ের আপন ভাই আরজু বিষ্ণোই এবং এই গ্যাংয়ের অন্যতম সক্রিয় সদস্য টাইসন বিষ্ণোই মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেয়। ওই পোস্টে তারা আমির খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে সরাসরি হুঁশিয়ারি ও হুমকি দেয়।
সালমান খানের ওপর একাধিকবার হামলার চেষ্টা ও হুমকির ঘটনার পর মুম্বাই পুলিশ যেভাবে নড়েচড়ে বসেছিল, আমির খানের এই নতুন হুমকির পর স্বাভাবিকভাবেই বলিপাড়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনার পর মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হুমকি প্রসঙ্গে আমির খান বা তাঁর পারিবারিক মুখপাত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
|