দেশের ১৬ জেলায় ধেয়ে আসছে বন্যা; পানি উন্নয়ন বোর্ডের সতর্কতা
জাতীয় ডেস্ক: দেশের অভ্যন্তরে মৌসুমী বায়ুর প্রভাবে রেকর্ড পরিমাণ অতিভারী বর্ষণ এবং ভারতের উজানি রাজ্যগুলো থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের প্রধান কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে দেশের তিন অঞ্চলের মোট ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সুনির্দিষ্ট পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা এক বিশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এর মধ্যে আগামী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া উপকূলীয় জেলা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢলের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির বিষয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যতম প্রধান নদী তিস্তার পানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী এবং লালমনিরহাট জেলার নদীসংলগ্ন চর ও বিস্তীর্ণ নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ অববাহিকায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং বাংলাদেশের উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। পাহাড়ি ঢল নদীর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নদীগুলোতে প্রবেশ করায় পানির স্তর দ্রুত ওপরের দিকে উঠছে।
দেশী ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেলের তথ্য বিশ্লেষণ করে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকৃতি এখনই শান্ত হচ্ছে না। আগামী আরও অন্তত চার দিন বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ এলাকার নদী তীরবর্তী মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং স্থানীয় প্রশাসনকে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
|