সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান: ট্রাম্প

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান তাদের দেশের পারমাণবিক কর্মসূচিগুলোতে সর্বোচ্চ স্তরের পরিদর্শনের সুযোগ দিতে সম্পূর্ণরূপে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, ইরান এই শর্তে রাজি না হলে তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চালানো হতো না।

একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে অন্যান্য বড় ধরনের কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত আসায় তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে সতর্কবার্তা হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, এই মুহূর্তে হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ আরোপ করার সম্ভাবনা খুবই কম। তা সত্ত্বেও, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে মার্কিন সব যুদ্ধজাহাজ এখনো যথাস্থানেই মোতায়েন রয়েছে।

ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের জন্য ছাড় দেওয়া এই সমস্ত অর্থ ও তহবিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা বিশেষ এসক্রো অ্যাকাউন্টে জমা রাখা হবে। এই অর্থ কেবল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার কাজে ব্যবহার করা যাবে। ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন যে, এই তহবিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম এবং সয়াবিনের মতো কৃষিপণ্য ক্রয়ের বাধ্যবাধকতা থাকবে।

মন্তব্য করুন