বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

আজ মঙ্গলবার (২৩ জুন) অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশের নির্বাচন-পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন।

ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন বজায় থাকবে এবং বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত রেতো রেংগলি। বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার সুরক্ষায় বিরোধী দল এবং নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে কথা হয়। এ সময় বিরোধীদলীয় নেতা গ্রিন এনার্জি ও দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নসহ নানা ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।

বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতার পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন