বিয়ে নিয়ে বিতর্কের জবাব দিলেন: ববি
বিনোদন প্রতিবেদক: ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে নিজের বিয়ে নিয়ে ছড়ানো সংবাদকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। সোমবার এফডিসিতে শিল্পী সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
বিয়ের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করে ববি বলেন, “ওই ব্যক্তি আমার স্বামী নন। কেউ যদি আমাদের বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারে, তবে তিনি যা চাইবেন আমি তা করতে প্রস্তুত।”
অভিনেত্রী জানান, বিটিএল গ্রুপের কার্যালয়ের একটি ছবিকে কেন্দ্র করে এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান জানিয়ে আমাকে চেয়ারে বসতে দেওয়া হয়, অনেক সময় উপহারও দেওয়া হয়। সেই সাধারণ ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে গুজব রটানো হচ্ছে।”
ববি জানান, এমন মিথ্যা সংবাদে তার পরিবারের সদস্যরা অত্যন্ত বিভ্রান্ত ও বিচলিত হয়ে পড়েছেন। বিশেষ করে এই গুজবের কারণে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। ইয়ামিন হক ববি মনে করেন, ‘ময়না’ সিনেমার আংশিক প্রযোজক হিসেবে যুক্ত থাকা ওই ব্যক্তির নামের সঙ্গে তার নামটি জুড়ে দিলে সংবাদটি দ্রুত ভাইরাল হবে—এমন হীন উদ্দেশ্য থেকেই এই প্রপাগান্ডা চালানো হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তারের পর কিছু গণমাধ্যমে ববিকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়। এই বিষয়টিকেই নায়িকা ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যা দিয়েছেন।
জান্নাত সকালবেলা
|