শাওনকে গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
শাওনকে গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

বিনোদন প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই জোরালো দাবি জানান।

মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর ফেসবুক পোস্টে লিখেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সব সীমানা অতিক্রম করেছে।” তিনি উল্লেখ করেন, দেশের দুটি স্পর্শকাতর নেতিবাচক ঘটনার প্রেক্ষিতে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। যার একটি হলো— নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া এবং দ্বিতীয়টি হলো— একজন জুলাই যোদ্ধাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তুলে নিয়ে নির্যাতন করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া।

তাজুল ইসলাম আরও বলেন, “দুটোই মারাত্মক এবং আমলযোগ্য ফৌজদারি অপরাধ। অথচ এই মহিলার ফেসবুক প্রোফাইল জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের এই চক্রান্তের বিরুদ্ধে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাঁর ফেসবুক ওয়ালে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়ে লেখেন, “আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোণা আমার শ্বশুরবাড়ি… [ঘটনা ২ টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকেই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা]।” নেত্রকোনা জেলা প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পৈতৃক নিবাস হওয়ায় সেটি শাওনের শ্বশুরবাড়ি। দেশজুড়ে চলা সহিংসতার ঘটনায় আনন্দ প্রকাশ করায় তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ, সমালোচনা ও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনুসন্ধানে জানা গেছে, নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গত মঙ্গলবার দিবাগত রাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সেই ন্যাক্কারজনক ঘটনার একটি ২৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা রুশানের ওপর নেত্রকোনায় সাবেক ছাত্রলীগ ক্যাডাররা বর্বরোচিত হামলা চালায় ও তাকে চরমভাবে অপদস্থ করে। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা জানিয়ে নেত্রকোনার পুলিশ সুপারকে (এসপি) দ্রুত আসামিদের গ্রেফতার ও রুশানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এই দুই অপরাধমূলক কর্মকাণ্ডের পক্ষ নিয়ে শাওন উসকানিমূলক পোস্ট দিয়েছেন বলে দাবি করছেন সচেতন নাগরিক সমাজ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন