শিবপুরে জুয়ার আসর থেকে টাকাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
শিবপুরে জুয়ার আসর থেকে টাকাসহ গ্রেপ্তার ৫

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর থানা-পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৫ জুন) বিকেলে শিবপুর থানাধীন আড়ালী গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং জুয়া খেলার বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আড়ালী গ্রামের মো: জামানের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে ৫ জুয়াড়িকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আড়ালী গ্রামের মো: জামান (৪০), আব্দুল ওহাব (৩৮), মো: জাহাঙ্গীর (৩০), মো: সজিব (৪০) এবং মো: সবুজ (৪৫)। অভিযানকালে জুয়া খেলার বোর্ড থেকে নগদ ১,২২,৫০০ টাকা, ৩ প্যাকেট তাস এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কম্বল জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসানোর কথা স্বীকার করেছে। এই ঘটনায় শিবপুর মডেল থানায় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা (নম্বর- ৯৭/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শিবপুর মডেল থানা-পুলিশ জানায়, এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন