এসএসসি পাসে ১০ বছরের স্কুলিং নিশ্চিতের উদ্যোগ

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
এসএসসি পাসে ১০ বছরের স্কুলিং নিশ্চিতের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে যাতে ১০ বছরের বেশি সময় না লাগে, সরকার সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরীক্ষা ও সিলেবাসের সময়সীমা ঠিক রাখতে এবং সেশনজট এড়াতে দ্রুতই একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “তোমাদের এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে, কোনো সেশনজট যেন না হয়, সে জন্য আমরা বসব। তোমাদের স্বার্থে যা করার, সরকার সেটাই করবে।”

বর্তমান শিক্ষাব্যবস্থার গতানুগতিক ধারার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা হওয়া উচিত আনন্দদায়ক এবং প্রজেক্ট-নির্ভর। অভিভাবকরা কেবল জিপিএ-৫ বা এ প্লাস নিয়ে সন্তুষ্ট থাকেন, কিন্তু শিক্ষার্থীরা বাস্তবে কী শিখছে তা নিয়ে ভাবেন না। তিনি সাফ জানিয়ে দেন, “আমরা জিপিএর কথা বলব না। কে কী শিখেছ, সেটা আমরা জানতে চাই।” তিনি দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা দেন মন্ত্রী। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন