জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে জয়ের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চা-বিরতির পর ব্যাটিং ধসে পড়েছে সফরকারী পাকিস্তান। স্পিন ও পেসের সম্মিলিত আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি নাজমুল হোসেন শান্তর দলের হাতে।

চা-বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৬ রান। তখন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু বিরতি থেকে ফিরেই আঘাত হানেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন আম্পায়ার নাকচ করলেও অধিনায়ক শান্তর নেওয়া সঠিক রিভিউতে ৬৬ রান করা ফজলের বিদায় নিশ্চিত হয়। এতে ভেঙে যায় ৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি।

ফজলের বিদায়ের রেশ কাটতে না কাটতেই তাসকিন আহমেদের বলে সাদমানকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান আগা (২৬)। এরপর জয়ের পথ আরও প্রশস্ত করেন গতিদানব নাহিদ রানা। তিনি থিতু হতে চাওয়া সাউদ শাকিলকে (৩১) লিটন দাসের গ্লাভসে বন্দি করেন। পরের ওভারেই নাহিদের দুর্দান্ত এক ইন-সুইংয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান (১৫)।

শেষ দিকে তাইজুল ইসলাম আবার আঘাত হেনে হাসান আলীকে মাত্র ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেললে পাকিস্তানের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের হাতে আছে মাত্র ২ উইকেট। মিরপুরের গ্যালারিতে এখন টাইগার সমর্থকদের গগনবিদারি চিৎকার আর ঐতিহাসিক এক জয়ের অপেক্ষা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন