৮০০ মিলিয়ন রিয়ালের দেনা: থমকে গেছে আল নাসেরের সব নতুন চুক্তি

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
৮০০ মিলিয়ন রিয়ালের দেনা: থমকে গেছে আল নাসেরের সব নতুন চুক্তি

ক্রীড়া ডেস্ক: সৌদি প্রো লিগের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী ক্লাব আল নাসের বর্তমানে নজিরবিহীন আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকারও বেশি বা ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ) ঋণের বোঝায় পুরোপুরি জর্জরিত হয়ে পড়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এই দল।

বিশাল এই আর্থিক ঘাটতির ফলে চলমান গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এখনও পর্যন্ত একজন নতুন খেলোয়াড়কেও দলে ভিড়াতে পারেনি রিয়াদ ভিত্তিক এই জায়ান্টরা। ক্লাবের বর্তমান অর্থনৈতিক করুণ দশার জন্য অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ তারকা খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতনের দিকেই আঙুল তুলছেন।

উদ্ভূত উদ্ভূত জটিল পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির প্রধান নিয়ন্ত্রক সংস্থা ‘সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ) আল নাসেরের মালিকানা বা শেয়ার বিক্রির চিন্তাভাবনা ও প্রক্রিয়া শুরু করেছে। সৌদিভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়া’র প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আল নাসের কেনার আগ্রহ প্রকাশ করে পিআইএফের কাছে ইতিমধ্যেই দুটি বড় ধরনের প্রস্তাব এসেছে। তবে পুরো ক্লাব একবারে বিক্রি না করে মূলত আংশিক অংশীদারি বা ‘পার্শিয়াল টেকওভার’-এর পথেই হাঁটার ইঙ্গিত রয়েছে বেশি।

এদিকে চলমান চরম অর্থসংকট থেকে উত্তরণের জন্য পিআইএফ ক্লাবটির ওপর বেশ কিছু কঠোর বিধিনিষেধ ও নতুন নীতি আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী:

  • নিজ থেকে পর্যাপ্ত রাজস্ব বা অভ্যন্তরীণ আয় বাড়াতে না পারলে নতুন কোনো ফুটবলার কেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

  • ক্লাবের আয় বৃদ্ধির পথ খোঁজা এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করতে বিশেষ আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান (কনসালটেন্সি ফার্ম) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • আর্থিক ভারসাম্য ফিরিয়ে আনতে ক্লাবের আংশিক বা প্রয়োজনে পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির রাস্তা খোলা রাখা হয়েছে।

বিশাল ঋণের চাপ ও বাজেট ঘাটতির কারণে আল নাসেরের চলতি দলবদলের বাজার পুরোপুরি অচল হয়ে গেছে। লা লিগার ক্লাব রিয়াল মায়োর্কার প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার সামু কোস্টার সঙ্গে চুক্তি একপ্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সত্ত্বেও কেবল অর্থের সংস্থান না থাকায় আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব হয়নি। এর বাইরে তারকা উইঙ্গার আব্দুলরহমান ঘরিবের চুক্তি নবায়নের প্রক্রিয়াও থমকে গেছে।

খেলার বাজারের বিশ্লেষকরা জানান, গত মৌসুমে একাধিক আকাশচুম্বী মূল্যের চুক্তি, তারকা খেলোয়াড়দের অবিশ্বাস্য বেতন-ভাতা প্রদান এবং তদারকিহীন দুর্বল আর্থিক ব্যবস্থাপনার বলি হয়েই আল নাসেরের ঘাড়ে এই ৮০০ মিলিয়ন রিয়ালের বিশাল দেনা চেপে বসেছে।

মন্তব্য করুন