তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের টেকসই জাতীয় উদ্যোগ
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশের নদীভিত্তিক জীবনব্যবস্থায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিস্তা নদী রক্ষা ও এর অববাহিকার উন্নয়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন এখন জাতীয় অপরিহার্যতায় পরিণত হয়েছে। গত প্রায় ৫০ বছরে উজানের পানির একতরফা নিয়ন্ত্রণ, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীটির প্রবাহে যে বিপর্যয় নেমে এসেছে, তা উত্তরাঞ্চল ছাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ওপর প্রভাব ফেলছে।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সত্তরের দশকেও তিস্তা ছিল একটি জীবন্ত ও প্রবহমান নদী। তবে ১৯৭৫ সালের পর উজানে নির্মিত অবকাঠামো এবং পরবর্তীতে গজলডোবা ব্যারেজ চালুর পর থেকে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক চাহিদার মাত্র ১০ থেকে ২০ শতাংশে নেমে আসে। আবার বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় দেখা দেয় আকস্মিক বন্যা ও ভয়াবহ নদীভাঙন।
দুই হাজার সালের পর থেকে এই সংকট আরও তীব্র আকার ধারণ করে। সেচের পানির অভাবে কৃষকরা বাধ্য হয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা পরিবেশকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকিতে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের প্রস্তাবিত তিস্তা পানিবণ্টন চুক্তিও এখনো আলোর মুখ দেখেনি।
বিশেষজ্ঞ ও পানি বিশ্লেষকদের মতে, তিস্তা মহাপরিকল্পনা কোনো সাধারণ আঞ্চলিক প্রকল্প নয়; এটি একটি সমন্বিত জলসম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা। এর মাধ্যমে বর্ষার উদ্বৃত্ত পানি ড্রেজিং ও জলাধারের মাধ্যমে সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ নিশ্চিত করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীভাঙন রোধ করা সম্ভব হবে। এটি বাস্তবায়িত হলে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পানিবণ্টন আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও আরও সুসংহত হবে।
তাই দীর্ঘসূত্রতা পরিহার করে বিজ্ঞানভিত্তিক কৌশল ও রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়ে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা