নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইলে এক সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে নড়াইল শহরতলীর সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির কাজী নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন কাজীর ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির কাজী বাড়ি থেকে নসিমনযোগে যশোরের ভাঙুড়া হাটে গরু বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সীমাখালী এলাকায় পৌঁছালে নসিমনটি চিত্রা সেতুতে ওঠার সময় সেখানে বসানো ব্যারিকেডে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এআইএল/সকালবেলা