বোদায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
মাহমুদ বিন মারুফ : ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. রুবেল। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ আবহ তৈরিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই সরকারি প্রণোদনার আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করে বড় তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন অতিথিরা।