ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া-৬ আসনে জামায়াতের প্রচারণা শুরু
বগুড়া প্রতিনিধি (ওয়াফিক শিপলু): বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রাতুলের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ রাতুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতা-কর্মী।
জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে জামায়াত-শিবিরের সাহসী ভূমিকা জনগণ মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে দেশের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেবে।”
এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলকে ন্যায়, ইনসাফ ও সুশাসনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ