গরু চুরি করে মাংস বিক্রির সময় হাতেনাতে আটক কৃষকদল নেতা, মামলা

গরু চুরি করে মাংস বিক্রির সময় হাতেনাতে আটক কৃষকদল নেতা, মামলা

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে এক হাতপাখা সমর্থকের গরু চুরি করে জবাই করার পর মাংস বিক্রি করার সময় এক কৃষকদল নেতাকে আটক করেছে জনতা। এই ঘটনায় ওই নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাগঞ্জ ইউনিয়নের জনৈক হাতপাখা সমর্থকের একটি গরু চুরি করে একদল চোর। পরবর্তীতে অভিযুক্তরা গরুটিকে জবাই করে তার মাংস বিক্রির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় এবং মাংসসহ অভিযুক্ত কৃষকদল নেতাকে হাতেনাতে আটক করে। তবে এ সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে। ভুক্তভোগী গরু মালিক বাদী হয়ে কলাপাড়া থানায় কৃষকদল নেতাসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, গরু চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন