
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে একদিকে যেমন স্বস্তি মিলেছে, অন্যদিকে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি। বৃষ্টির কারণে সড়কের যান চলাচল ধীর হয়ে পড়ায় এবং বিভিন্ন স্থানে জলজটের সৃষ্টি হওয়ায় কর্মস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লেগেছে। ছাতা থাকা সত্ত্বেও ঝড়ো হাওয়ার কারণে অনেকেই ভিজে একাকার হয়ে যান।
ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় আবহাওয়া বৈরী রূপ নিয়েছে। মাদারীপুর জেলায় সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর ৯টার দিকে তা দমকা হাওয়া ও বজ্রপাতে রূপ নেয়। বিশেষ করে পদ্মা নদী সংলগ্ন এলাকায় বাতাসের তীব্রতা বেশি থাকায় নদী উত্তাল হয়ে পড়ে, যার ফলে জেলেরা দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন। কালবৈশাখীর আশঙ্কায় বাজার ও জনসমাগম কমে গিয়ে স্বাভাবিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের তথ্যমতে, আগামী চার দিন আবহাওয়ার এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
আই.এ/সকালবেলা