
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২৮ এপ্রিল সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়ও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
আই.এ/সকালবেলা