
মো. হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। দৈনন্দিন চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দিনরাত মিলিয়ে ১৫ থেকে ১৬ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে এ অঞ্চলের নাগরিকদের। এতে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও পোল্ট্রি খাতে ভয়াবহ লোকসান দেখা দিয়েছে।
তীব্র দাবদাহে সেচ দিতে না পেরে ঈশ্বরদীর লিচু, ধান ও সবজি বাগান শুকিয়ে যাচ্ছে। লিচু চাষী মুনসুর আলী জানান, পানির অভাবে গাছ থেকে কড়ি ঝরে পড়ছে। অন্যদিকে, পোল্ট্রি খামারে বিদ্যুতের অভাবে ফ্যান চালাতে না পারায় ‘হিট স্ট্রোকে’ প্রতিদিন মারা যাচ্ছে শত শত মুরগি। খামারিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন জানান, লোডশেডিংয়ের কারণে চলমান ইনকোর্স পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। গরমে ও নির্ঘুম রাতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এসএসসি পরীক্ষার্থীরাও পড়েছে বিপাকে। হাসপাতালগুলোতে জেনারেটর চালাতে গিয়ে জ্বালানি খরচ তিনগুণ বেড়েছে বলে জানিয়েছেন ডা. শামীম।
আরআরপি গ্রুপের পরিচালক রফিক জানান, ২ ঘণ্টা পর বিদ্যুৎ এসে মাত্র আধা ঘণ্টা থাকে। এতে শ্রমিকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে না। লোকসান সত্ত্বেও হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন গুনতে হচ্ছে মালিকপক্ষকে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঈশ্বরদী উপকেন্দ্রের ডিজিএম জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় ৫টি স্টেশনে প্রতিদিন ২৭-২৮ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে প্রকৌশলী ওয়াজেদ জানান, ডিজেলচালিত কেন্দ্রগুলো আগামী সপ্তাহে চালু হলে লোডশেডিং কিছুটা কমতে পারে।
এ.আই.এল/সকালবেলা