
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৫-২৬ অর্থবছরের দশম এবং বর্তমান সরকারের দ্বিতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এবং বাকি দুটি প্রকল্প আরও বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি ব্যয়ে সাশ্রয়ী হতে এবং প্রতিটি খাতের ব্যয়ের যৌক্তিকতা কঠোরভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রকল্পগুলো জনগণের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিশেষ বিবেচনায় রাখতে বলা হয়েছে।
একনেক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ।
আই.এ/সকালবেলা