
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও অলিখিত ফাইনাল ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মেহেদী হাসান মিরাজের দলকে।
টস ও পরিকল্পনা: সিরিজের তিন ম্যাচেই টসে জয় পেল সফরকারী দল। তবে আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও আজ শেষ ম্যাচে ভিন্ন কৌশলে নামছে নিউজিল্যান্ড। চট্টগ্রামের আর্দ্রতা ও উইকেট বিবেচনা করে তারা রান তাড়া করাকেই সুবিধাজনক মনে করছে। অন্যদিকে, সমতায় থাকা সিরিজে জয় তুলে নিতে বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন: সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা গতি তারকা তাসকিন আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও স্পিনার তানভীর ইসলাম। গতির পাশাপাশি মোস্তাফিজের বৈচিত্র্যকে আজ কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচ নিউজিল্যান্ড জিতলেও দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সমতায় ফেরে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
জান্নাত/সকালবেলা