
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে ডা. আহমেদ হোসেনের ওপর নৃশংস হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অফিস শেষে বাসায় ফেরার পথে ২-৩ জন ব্যক্তি হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাত ও পিঠে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন জানিয়েছেন, ডা. আহমেদ হোসেনের শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও অবহিত করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ৫ জনের পরিচয় ও বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
জান্নাত/সকালবেলা