
মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক পথচারী।
নিহতরা হলেন— নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের দুই ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন। এই ঘটনায় আহত ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ওই তিন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির অজ্ঞাত ড্রাম ট্রাক পেছন থেকে তাঁদের সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা