
আব্দুল্লাহ আল মামুন, যশোর: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যশোরের মনিরামপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফোটার পর থেকেই দিনটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
জাতীয় সংগীত ও চিরায়ত বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলার ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে মনিরামপুর পৌর শহরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে নানা রঙে সেজে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের বটতলায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দেওয়ান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি রজিউল্লাহ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক এবং মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উৎসবে মনিরামপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পান্তা-ইলিশ আর বৈশাখী আমেজে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মনিরামপুরবাসী।
এ.আই.এল/সকালবেলা