প্রিন্ট এর তারিখঃ Nov 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2026 ইং
ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন হেল্পার
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার দরিরামপুর এলাকায় সাইফুল কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি দিয়ে স্কয়ার কোম্পানির শ্রমিকেরা যাতায়াত করতেন। রাতে যাত্রীবিহীন বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় বাসের ভেতরে চালকের এক সহকারী (হেল্পার) ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসটিতে আগুন ধরে গেলে তিনি দ্রুত বেরিয়ে আসেন।
স্থানীয় লোকজনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বাসের কাচ ভেঙে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটির সামনের দিকের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।
সাদেকুর রহমান বলেন, এটি নাশকতা কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসের সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার হাতে জ্বলন্ত বিড়ি থাকলে সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
স্বত্ব © সকালবেলা