প্রিন্ট এর তারিখঃ Nov 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2026 ইং
স্যামসাং-এসইবিএল অংশীদারিত্বে বাংলাদেশের মোবাইল শিল্পে নতুন সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
দেশের স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে ২০২৭ সালে গ্রাহকসন্তুষ্টি, উন্নত অভিজ্ঞতা ও শক্তিশালী বিতরণ ব্যবস্থার ওপর নতুন করে গুরুত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্যামসাং বাংলাদেশ। এই অগ্রযাত্রায় স্যামসাংয়ের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্যামসাংয়ের নবনিযুক্ত পরিবেশক।
মোবাইল ফোন বিতরণে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক, সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী স্যামসাং-এসইবিএল পার্টনার সামিট ২০২৬-এ এই অভিন্ন লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সম্মেলনে স্যামসাং বাংলাদেশ ও এসইবিএল ডিস্ট্রিবিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দুই শতাধিক আঞ্চলিক পরিবেশক ও এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটের অংশীদার উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপী মেমরি চিপের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির ফলে স্মার্টফোন বাজারের প্রতিযোগিতামূলক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। মেমোরি চিপ উৎপাদনে নিজস্ব শক্তিশালী অবস্থান এবং সুসংহত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সুবাদে স্যামসাং এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের সুযোগ পাচ্ছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখার পাশাপাশি ভারত ও আফ্রিকার মতো মূল্যসংবেদনশীল ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারেও স্যামসাং তার মার্কেট শেয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। আন্তর্জাতিক বাজারের এই ইতিবাচক প্রবণতা বাংলাদেশের বাজারেও স্যামসাংয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
সম্মেলনে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জুংমিন জুং বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে স্যামসাং দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে এবং বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য গ্রাহকের আস্থা অর্জন করেছে। আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবন বাংলাদেশের গ্রাহকদের কাছেও নতুন সম্ভাবনা তৈরি করছে। পরিবর্তিত বাজার পরিস্থিতিতে আমরা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদাগুলোকে আরও ভালোভাবে বুঝতে, তাদের অভিজ্ঞতার মান উন্নত করতে এবং দেশের বিভিন্ন প্রান্তে আমাদের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করব। এসব লক্ষ্য অর্জনে আমাদের ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্টদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, আমরা শুধু একটি নতুন ব্যবসায়িক কার্যক্রম শুরু করছি না; আমরা টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে একটি সম্মিলিত যাত্রা শুরু করছি। স্যামসাংয়ের বৈশ্বিক শক্তি, আমাদের অভিজ্ঞতা ও বাস্তবায়ন সক্ষমতা এবং অংশীদারদের উদ্যোক্তা মনোভাবকে একত্রিত করে আমরা ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করতে চাই। আমাদের সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে আমাদের প্রতিটি ব্যবসায়িক অংশীদারের সাফল্য।
সম্মেলনে জানানো হয়, আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে এসইবিএল ডিস্ট্রিবিউশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সূচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। এই সম্মেলন কেবল একটি নতুন ব্যবসায়িক অংশীদারত্বের সূচনা নয়, পুরো আয়োজনজুড়ে প্রতিফলিত হয়েছে নতুন উদ্দীপনা, পারস্পরিক আস্থা এবং বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য ও সুবিধা নিশ্চিত করার সম্মিলিত অঙ্গীকার।
স্বত্ব © সকালবেলা