
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি: মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সাগরে অভিযান শুরু হতেই কক্সবাজার উপকূলজুড়ে শুঁটকি উৎপাদনের ধুম পড়েছে। শীতের আগমনে বাড়ছে শুঁটকির উৎপাদন ও চাহিদা; এর সঙ্গে যোগ হয়েছে পর্যটকদের বাড়তি আগমন। সৈকত ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি অংশ বাড়ি ফেরার সময় স্বজনদের জন্য কক্সবাজারের ঐতিহ্যবাহী শুঁটকি কিনে নিচ্ছেন। ফলে পর্যটন মৌসুমে শুঁটকির বাজারেও তৈরি হয়েছে বাড়তি প্রাণচাঞ্চল্য।
ব্যবসায়ীরা জানান, কক্সবাজার উপকূলের আট শতাধিক মহালে প্রতিদিন ১৫০ টনের বেশি শুঁটকি উৎপাদন হচ্ছে। আবহাওয়া ও সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় প্রায় ৫০০ কোটি টাকার শুঁটকি উৎপাদন এবং রপ্তানি থেকে ৩০০ কোটি টাকা আয়ের আশা করছেন সংশ্লিষ্টরা।
নাজিরারটেকের কামাল ট্রেডার্সের মহালে প্রায় ৫০ মণ শুঁটকি মজুদ রয়েছে। শ্রমিক আব্দুর রহিম বলেন, শীতকালে চাহিদা বাড়লেও উৎপাদন নির্ভর করে সাগরে মাছের প্রাপ্যতার ওপর; ট্রলারে বেশি মাছ ধরা পড়লে উৎপাদনও বাড়ে। আলম এন্টারপ্রাইজের মালিক মো. আলম জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহালগুলোতে কাজ চলে এবং পর্যটকদের অনেকে বাড়ি ফেরার সময় কয়েক কেজি শুঁটকি কিনে নেন, ফলে পর্যটক বাড়লে চাহিদাও বাড়ে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক শুঁটকি মহালে গভীর সাগর থেকে মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ব্যবসায়ীরা মাছ কিনে মহালে নেওয়ার পর শ্রমিকরা ধুয়েমুছে বাঁশের মাচায় শুকাতে দেন। শুঁটকি ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রতি মৌসুমে শুধুমাত্র নাজিরারটেক শুঁটকি মহালে মাছের গুঁড়াসহ ৫০ থেকে ৬০ হাজার টন বিভিন্ন জাতের শুঁটকি উৎপাদন করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।
উৎপাদিত এসব শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় ১০০ একর বালুচরজুড়ে গড়ে তোলা হয়েছে নাজিরারটেক শুঁটকি মহাল। সূর্যের তাপে বিভিন্ন ধরনের মাছ শুকানো হলেও পোকামাকড় থেকে রক্ষা ও স্থায়িত্ব বাড়াতে শুঁটকিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের অভিযোগ রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু নাজিরারটেক নয়; প্রতিবছরের মতো শীতের শুরু থেকেই মহেশখালীর সোনাদিয়া দ্বীপ, টেকনাফের শাহপরীরদ্বীপ, সেন্টমার্টিন ও কুতুবদিয়াসহ জেলার উপকূলীয় বিভিন্ন শুঁটকি মহালে শুঁটকি উৎপাদন চলছে। সাগরের বেড়িবাঁধ ও বিশেষভাবে তৈরি বাঁশের মাচার ওপর পাতলা করে বিছিয়ে সূর্যের তাপে কাঁচা মাছ শুকিয়ে শুঁটকিতে রূপান্তর করা হয়। সম্প্রতি নাজিরারটেক শুঁটকি মহালে গিয়ে দেখা যায়, প্রতিটি মহালে শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন—কেউ মাছ পরিষ্কার করছেন, কেউ মাচায় তুলছেন।
শুঁটকি শ্রমিক আলম জানান, নভেম্বর থেকে এখানে উৎপাদন শুরু হয়েছে এবং এখন পুরোদমে কাজ চলছে। শহরের বার্মিজ মার্কেট, লাবণী মার্কেট, বাজারঘাটা, কলাতলী ও সুগন্ধা পয়েন্টের বাজারগুলোতে পর্যটন মৌসুমে শুঁটকির বেচাকেনা বাড়ে। পাশাপাশি শহরের ছোট-বড় ৬০০টির বেশি হোটেল-রেস্তোরাঁয় শুঁটকির ভর্তার চাহিদা রয়েছে। স্থানীয় বাজারে কেজিপ্রতি ছুরি শুঁটকি ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা, লইট্টা ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, ফাইস্যা ৩০০ থেকে ৩৫০ টাকা, পোপা ৫০০ থেকে ৮০০ টাকা, মাইট্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, রূপচাঁদা ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা, লাক্ষ্যা ২ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকা এবং কোরাল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, নিরাপদ শুঁটকি উৎপাদনে মৎস্য অধিদপ্তর নিয়মিত তদারকি করছে এবং স্বাস্থ্যসম্মতভাবে মাছ শুকানো ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার বিষয়ে উৎপাদক ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।
বাংলাদেশ শুঁটকি মাছ রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুল শুক্কুর জানান, গত বছর ৪০টি মহাল থেকে হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পোপা শুঁটকি রপ্তানি করে প্রায় ২০০ কোটি টাকা আয় হয়েছে; পরিবেশ অনুকূলে থাকলে চলতি বছর এ আয় ৩০০ কোটি টাকা হতে পারে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, গত বছর কক্সবাজারে প্রায় ৪০০ কোটি টাকার শুঁটকি উৎপাদন হয়েছে এবং পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবার উৎপাদন ৫০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
এআইএল/সকালবেলা