
সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় বীরগঞ্জের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল হাশেম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম এবং দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ।
মহিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ই মূলত জনগণের রায়, যা বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে। এই রায় বাস্তবায়নে আর কোনো কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে অবিলম্বে মূল্যবৃদ্ধি বন্ধের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সমাজে অস্থিরতা বাড়ছে। জনজীবনে স্বস্তি ফেরাতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
এআইএল/সকালবেলা