
গাজীপুর প্রতিনিধি: জাতীয় সার্বভৌমত্ব, আইনের শাসন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জানমালের সুরক্ষার প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের নেতৃত্বে দেশের চলমান অগ্রযাত্রাকে সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করা হচ্ছে, যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে বসবাস করবে, শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে জ্ঞানচর্চা করবে এবং বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের আলোকবর্তিকা হয়ে উঠবে।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ড. মো. মাসুদ পারভেজের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানসহ বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এআইএল/সকালবেলা