
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিলের পর সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি এবং চলছে নিয়মিত টহল।
আগামীকাল রবিবার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) গোপালগঞ্জে এই লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কর্মসূচিকে ঘিরে জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষ এবং যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তবে আগামী দুদিনের কর্মসূচিকে সামনে রেখে দৈনন্দিন উপার্জন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, আন্দোলন ও এ ধরনের কর্মসূচির কারণে রাস্তায় যাত্রী কমে গেলে তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পাশাপাশি কৃষিকাজের সঙ্গে জড়িত থাকায় নানা দিক থেকে আর্থিক সংকটে রয়েছেন সাধারণ মানুষ। দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আগের মতো স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।
এদিকে টানা তৃতীয় দিনের মতো বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এজেন্ট ও গ্রাহক উভয়ই।
এআইএল/সকালবেলা