
সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৭ নম্বর ভাষাণচর ইউনিয়নের ভূমি অফিস, ২ নম্বর লতা ইউনিয়নের একটি সেতু, একই ইউনিয়নের গাবতলী বাজারের নির্মাণাধীন সড়ক এবং ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের মেয়ার হাট এলাকার নির্মাণাধীন সড়ক। এ সময় প্রতিমন্ত্রী রাজীব আহসান প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীগণ এবং উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা, সাধারণ মানুষের চলাচল এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা