
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
শুক্রবার (২৭ নভেম্বর) সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে চুক্তিটি অনুমোদনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আঙ্কারা।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে গত আগস্টে মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে শুক্রবার ও শনিবার ইসলামাবাদে বৈঠকে বসছে এই তিন দেশ।
এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন দেয়, যা ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর পথ সুগম করে আঙ্কারার জন্য। চুক্তির শর্তানুসারে, জোটভুক্ত যেকোনো এক দেশের ওপর হামলাকে সব দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি আরবে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে শিগগিরই পার্লামেন্টে প্রস্তাব তোলার কথাও জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা।
ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী তুরস্ক, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তানের এই জোট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স
এআইএল/সকালবেলা