
বিশেষ প্রতিনিধি: প্রয়োজনে জামায়াত ছাড়বেন, তবে মার খেতে পারবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে তাঁকে এ কথা বলতে শোনা যায়।
প্রকাশিত ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, “ছবর-মবরের মধ্যে আমি নেই। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন।” এ সময় তিনি আরও বলেন, “ছবর-মবর এখন আর নেই। ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মাইর খেতে পারবো না। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দিব। আমি মাইর খেতে পারবো না।”
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য আমির হামজা। সেখানে তাঁর দেওয়া বক্তব্যের ১৬ সেকেন্ডের ওই ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে জামায়াতের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে মুফতি আমির হামজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি; পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা মো. শাজাহানের কার্যালয় ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরদিন বৃহস্পতিবার সকালে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব মন্তব্য করেন আমির হামজা।
এআইএল/সকালবেলা