
সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইয়ের তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিলের অগ্রহায়ণ পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ চারটি মাঠজুড়ে আয়োজিত এ মাহফিলের উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল কোনো পার্থিব বা দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই এ মাহফিলের মূল লক্ষ্য। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসার প্রয়োজন নেই এবং কেউ এমন নিয়ত নিয়ে এসে থাকলে তা বদলে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যাঁরা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন, তাঁদের পার্থিব ধ্যান-ধারণা দূর করে আখেরাতের চিন্তা অন্তরে ধারণ করতে হবে। মন থেকে অহংকার ও আমিত্ব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করা এবং সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে ফেরার আহ্বান জানিয়ে উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত দিকনির্দেশনা দেন চরমোনাই পীর।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান ও নামাজের নিয়মকানুন হাতে-কলমে শেখাতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনতে বিভিন্ন হালকায় ভাগ করে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে বিশেষ স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে; অসুস্থদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। চারটি মাঠে শৃঙ্খলা রক্ষা ও সেবায় নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে হারানো ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।
তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের পাশাপাশি শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান দেবেন। নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন।
উল্লেখ্য, ১৯২৪ সালে প্রতিষ্ঠিত চরমোনাই মাদ্রাসা, মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) এবং ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এআইএল/সকালবেলা