
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিপুলসংখ্যক পদ খালি থাকায় জোড়াতালির মাধ্যমে পাঠদান ও প্রশাসনিক কাজ চলছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তি কাজের চাপে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন কর্মরত শিক্ষকরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাসিরনগরে মোট ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং ৫২টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় ৭৫টি বিদ্যালয়েই সহকারী শিক্ষকদের ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে একদিকে দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ ও সভা; অন্যদিকে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান—সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
শূন্য পদের সরাসরি প্রভাব পড়ছে শ্রেণিকক্ষের পাঠদানে। উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, তাঁদের বিদ্যালয়ে ৩৬৪ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের একটি করে পদ খালি থাকায় পাঠদান চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
একজন শিক্ষককে একসঙ্গে দুই-তিনটি ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের ঠিকমতো পড়ানো যাচ্ছে না, এটি আমাদের জন্য খুবই কষ্টের। অতিরিক্ত দায়িত্বের ভারে শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের অবনতির চিত্রও সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘আমার চাকরির আরও ২০ বছর বাকি। কিন্তু এভাবে প্রতিনিয়ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে কাজ করলে হয়তো ১০ বছরও টিকে থাকা সম্ভব হবে না।’
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নেছার আহম্মদ বলেন, শূন্য পদের কারণে সহকারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ ও মিটিংয়ে ব্যস্ত থাকায় নিয়মিত ক্লাস নিতে পারছেন না, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাকি শিক্ষকদের ওপর এবং সর্বোপরি শিক্ষার্থীদের পড়াশোনায়।
বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নে স্থায়ী প্রধান শিক্ষকের অনুপস্থিতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান, দায়িত্ব বণ্টন ও সার্বিক তদারকিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যাচ্ছে না, যা নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তিনি দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান।
ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনে করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক থাকা জরুরি। ভারপ্রাপ্তদের দিয়ে প্রশাসনিক ও পাঠদান—উভয় কাজ সামলাতে গিয়ে শিক্ষার স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে। এমনকি জাতীয়করণকৃত অনেক বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকেও প্রধান শিক্ষক দেওয়া হয়নি বলে জানান তিনি।
এদিকে হাওর অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ বাস্তবতাকে সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সমাজসেবক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, শহরাঞ্চলের বিদ্যালয়ে পদ খালি হলে সহজেই বদলির মাধ্যমে পূরণ হয়; কিন্তু হাওরবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন নাসিরনগরের বিদ্যালয়গুলোতে বদলি হয়ে আসতে চান না শিক্ষকরা। এতে শূন্য পদের সংখ্যা বাড়ছে এবং শিক্ষকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষা আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া জানান, নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে সরাসরি নিয়োগ বন্ধ থাকায় প্রধান শিক্ষকের পদগুলো খালি রয়েছে। এ বছর ৮ জন সহকারী শিক্ষক যোগ দিলেও আরও ৫২টি পদ শূন্য থাকায় পাঠদানে বিঘ্ন ঘটছে। তবে শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাওরাঞ্চলের শিশুদের ভবিষ্যৎ রক্ষায় কেবল আশ্বাসে নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয় সচেতন মহল। তাঁদের দাবি, অবিলম্বে শূন্য পদগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ দিতে হবে; অন্যথায় পিছিয়ে পড়া এ জনপদের প্রাথমিক শিক্ষা আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে।
এআইএল/সকালবেলা