
নিজস্ব প্রতিবেদক: মরহুম পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) দেশের দ্বীনি শিক্ষা ও ইসলামী আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম এবং তিনি দ্বীনি খেদমত ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (২৫ নভেম্বর) পীর সাহেব চরমোনাই (রহ.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, পীর সাহেব চরমোনাই (রহ.) ছিলেন দেশের দ্বীনি অঙ্গন ও ইসলামী রাজনীতির এক সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করা এই আলেম শৈশবেই বাবা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.)-এর কাছে দ্বীনি শিক্ষার হাতেখড়ি নেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে পড়াশোনা করেন এবং ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
গুরু-শিষ্যের সম্পর্কের কথা তুলে ধরে মামুনুল হক জানান, লালবাগ মাদ্রাসায় তাঁর শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এবং পীর সাহেব চরমোনাই ছিলেন তাঁর বাবার অন্যতম প্রধান ছাত্র।
পীর সাহেব চরমোনাইয়ের কর্মজীবন ও রাজনৈতিক অবদান সম্পর্কে পোস্টে আরও লেখা হয়, ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস শেষ করার পর চরমোনাই মাদ্রাসায় হাদিস পাঠদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয় এবং দীর্ঘ সময় তিনি সেখানে হাদিসের খেদমত করেন। পরে ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিষ্ঠার উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাঁর রাজনৈতিক পথচলা দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
কওমি মাদ্রাসা শিক্ষার সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের স্মরণীয় অবদানের কথা স্মরণ করে মামুনুল হক লেখেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে কওমি শিক্ষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, পীর সাহেব চরমোনাই (রহ.) তাতে সক্রিয়ভাবে অংশ নেন। ২০০৫ সালে পল্টন ময়দানে কওমি মাদ্রাসা জাতীয় ছাত্র কনভেনশন এবং পরে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে তিনি শায়খুল হাদীস (রহ.)-এর পাশে দাঁড়িয়েছিলেন। দ্বীনি শিক্ষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে তাঁর ভূমিকা ছিল আন্তরিকতা ও ঐক্যের এক অনন্য উদাহরণ।
পোস্টের শেষাংশে মাওলানা মামুনুল হক মরহুম পীর সাহেব চরমোনাই (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এআইএল/সকালবেলা