
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এ অবস্থায় শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন বা সংশোধিত চুক্তির উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে ঢাকা।
এদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটি। গত রোববার ঢাকায় অনুষ্ঠিত কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে।
জেআরসির সদস্য ড. মো. আনোয়ার কাদির একটি গণমাধ্যমকে জানান, চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে এবং তা নির্ধারিত সময়ের মধ্যে দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। তবে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার যৌথ কমিটির নেই; এটি সম্পূর্ণ রাজনৈতিক নেতৃত্ব ও সরকার পর্যায়ের বিষয়।
বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এখন ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অপেক্ষায় রয়েছে।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কূটনৈতিক চ্যানেলে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পাল্টা কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন। গত জুনে বাংলাদেশ কারিগরি কমিটি গঠন করে এবং আগস্টে ভারতের কাছে একই অনুরোধ পুনর্ব্যক্ত করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গণমাধ্যমকে বলেন, আন্তঃসীমান্ত পানি-সংক্রান্ত বিষয়গুলো আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে কবে নাগাদ আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।
বাংলাদেশের প্রত্যাশা, শুধু ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে জানান, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির নিশ্চয়তামূলক ধারা—অর্থাৎ কোনো ১০ দিন মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার ৮০ শতাংশের কম পানি না দেওয়ার বিধান—ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার।
মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগর সম্মেলনেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন বা সংশোধিত ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আগামী ২৫ থেকে ৫০ বছরের সম্পর্কের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান খুঁজে বের করার ওপরও জোর দেন তিনি।