
বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সম্পর্কে চাচা।
গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা-পুলিশ তাঁকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতারকৃত আবদুল মালেক সর্দার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় (মামলা নম্বর-২৯) তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
ইবি থানার ওসি মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আবদুল মালেক সর্দারকে আটকের পর রোববার সকালে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা