
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: ‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগ কার্যক্রম শুরু হয়।
নিয়োগ কার্যক্রমে গোপালগঞ্জ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক এবং গোপালগঞ্জ পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা কিত্তর্ণীয়া।
এ ছাড়া গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসানুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
এ সময় পুলিশ সুপার প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ দেন। পাশাপাশি পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট বা পিইটি) অনুষ্ঠিত হবে।
এআইএল/সকালবেলা