
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ওই অঞ্চলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো ইজেকি এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পরপরই শুরু হওয়া উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। তবে ঠিক কতজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেননি তিনি।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ মুখপাত্র বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটিতে সমস্যা দেখা দিয়েছিল। সে সময় আতঙ্কিত যাত্রীরা নৌকাটি তীরের দিকে ভিড়ানোর জন্য চালককে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পরপরই নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান; তবে এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
এদিকে এ প্রাণহানির ঘটনায় নৌযান চালক ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার ইবিউওউ কোকু-ওবিয়াই বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে নৌযান চালানো এবং লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি মানুষের প্রাণের চেয়ে মূল্যবান নয়।’
সূত্র: এনডিটিভি
এআইএল/সকালবেলা