
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: অতীতে মানুষের অধিকার হরণ, নির্যাতন ও দমন-পীড়নের অভিযোগ তুলে আওয়ামী লীগের সমালোচনা করেছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, দেশে কেউ আইন লঙ্ঘন করে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
সোনাগাজী ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে বের হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এআইএল/সকালবেলা