
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রিয়াদের বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনায় চালানো এ হামলাকে দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, ‘রিয়াদে অবস্থিত কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।’
তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও দেশটির জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারের প্রতি পাকিস্তান পূর্ণ সমর্থন জানায় বলে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নেওয়া সব ধরনের উদ্যোগে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।
সূত্র: জিও নিউজ
এআইএল/সকালবেলা