
নিজস্ব প্রতিবেদক: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ দেশের আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি তাৎক্ষণিক প্রয়োজনে আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিজিবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং ঢাকা মহানগরীতে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করবেন। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা সচেষ্ট থাকবেন।
বিজিবি আরও জানিয়েছে, মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।