
নিজস্ব প্রতিবেদক: ‘জয় বাংলা’ স্লোগানকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না এবং অপরাধে সম্পৃক্ত কেউই আইনের আওতার বাইরে থাকতে পারবেন না।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশে চলমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। দলটির কিছু সদস্য পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো নাশকতা ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি এখন বিচ্ছিন্ন কিছু সহিংস কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখছে ও কাজ করছে। অপরাধে জড়িত ব্যক্তিদের যথাসময়ে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই বিচারের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বদরবারে দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যে দেশ নিয়ে নাগরিকরা গর্ব করতে পারবেন।
এআইএল/সকালবেলা