
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: বিশ্বখ্যাত ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ তার বাংলাদেশে আগমনের কথা ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির প্রধান ও শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।
সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুফতি তাকি উসমানিকে বাংলাদেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় এনওসি (অনাপত্তিপত্র) না পাওয়ায় তিনি তাঁর নির্ধারিত সফর স্থগিত করেছেন।
তিনি আরো জানান, মুফতি তাকি উসমানির সফর বাতিল হওয়ার ফলে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ সালা দস্তারবন্দির আয়োজনও স্থগিত করা হয়েছে।
তবে মুফতি তাকি উসমানি আশাবাদ ব্যক্ত করেছেন, পরিস্থিতি অনুকূলে এলে তিনি বাংলাদেশে আসবেন এবং দেশের আলেম-ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট ওয়ায়েজ মুফতি শামসুদ্দোহা আশরাফি এবং মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি প্রমুখ।
এআইএল/সকালবেলা