
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তাঁর উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেন। এদিন ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়া হয়; আগামী রোববার (২২ নভেম্বর) সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবশিষ্ট ৫৭ হাজার চারা ও মগ পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হলো। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানো এবং সেটির যত্ন নিয়ে বড় করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং সহিংসতার মাধ্যমে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। সরকার এখনো সহনশীলতা দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই; নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সহিংসতা ও নাশকতায় জড়িতদের ঠাঁই হবে কারাগারে। তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তিনজন নেতাকর্মী ও ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা চালিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রান্তিলগ্নে সবসময় জিয়া পরিবার এগিয়ে এসেছে; শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পর এখন তারেক রহমান দেশের হাল ধরেছেন। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন এবং সেখানে মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা