
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের লাশ চান বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায় আছেন। পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তাঁর প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট ও গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’
পোস্টের পরবর্তী অংশে তিনি আরও উল্লেখ করেন, ‘উনি সম্প্রতি বলেছেন যে, ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন ‘সাইকোপ্যাথের’ (psychopath) চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’
এআইএল/সকালবেলা