
মোস্তাকিন হোসেন, উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট): দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি জয়পুরহাটের পাঁচবিবিতে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই পৌর শহরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি মাঠে সক্রিয় ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফলে দিনভর স্বাভাবিক ছিল জনজীবন ও যান চলাচল।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচবিবি পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের চলাচল ও জীবনযাত্রা স্বাভাবিক রাখার লক্ষ্যে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
দলীয় নেতাকর্মীরা জানান, কোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন অচল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোর হাতে প্রতিরোধে থানা পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের তৎপরতায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি এবং বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
এআইএল/সকালবেলা