
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তাঁর অভিযোগ, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরেই ২০২৫ সালে তাঁকে যুক্তরাজ্যের সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল।
এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। তাঁর শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিত অবস্থায় বিচারের সম্মুখীন হন শেখ হাসিনা। ঢাকার কর্তৃপক্ষের অভিযোগ, পরিবারের সদস্য হিসেবে সাবেক ওই শাসনামলে অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন টিউলিপ সিদ্দিক।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় অনুপস্থিত অবস্থায় টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে দণ্ডিত করা হয়। ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তবে লন্ডনে অবস্থানরত টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। এই সাজা কার্যকর হওয়ার সম্ভাবনাও বেশ ক্ষীণ বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে আখ্যা দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেন, তাঁর খালা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের ‘পরোক্ষ শিকার’ হয়েছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি আরও জানান, এক আইনজীবীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ওই আইনজীবী তাঁকে পরামর্শ দিয়েছেন যে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি তাঁর রয়েছে।
টিউলিপ বলেন, এটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা ‘বিবেচনা’ করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে দ্য গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপ সিদ্দিক দাবি করেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন; কিন্তু তাঁর আইনজীবীদের পাঠানো চিঠির কোনো উত্তর বাংলাদেশ সরকার দেয়নি। লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। টিউলিপ বলেন, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তাঁর সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।’
নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ জানান, এসব অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না। টিউলিপ বলেন, ‘আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।’
বিতর্কের ওই সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাঁকে একটি বার্তা পাঠিয়েছিলেন। তবে টিউলিপকে নিয়ে স্টারমার বারবার প্রশ্নের মুখে পড়ায় শেষ পর্যন্ত তিনি টিউলিপকে পদত্যাগ করার সিদ্ধান্ত দেন।
এআইএল/সকালবেলা